বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ( ৩০ মে)  দুদকের পটুয়াখালীর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি মামলাটি করেন।

মোহাম্মদ আল মাসুদ করিম বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সাবেক নাজির।

এজাহার সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী হয়ে অপরাধজনক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার  টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে  ৪১ লাখ ৬৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন। খাদিজা আক্তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে নিজ নামে মোট ২২ লাখ ৭ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। তিনি দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক বলছে, অনুসন্ধানকালে মোহাম্মদ আল মাসুদ করিমের নামে মাত্র ৫৪ লাখ ৭৪ হাজার টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে।