ক্লাস বর্জন ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে গতকাল শ্রেণীকক্ষে যোগ দিয়েছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার শ্রেণীকক্ষে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফের সাময়িক বরখাস্তের খবরে ক্লাস বর্জন ও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল তারা। সে অনুযায়ী, গতকাল ক্লাসে অংশ নেয় ছাত্রছাত্রীরা।
কলেজের ছাত্র ও ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ রাহাত বলেন, ‘আমরা বুধবার পর্যন্ত ক্লাস বর্জন করে আন্দোলনে ছিলাম। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে বরখাস্ত করা হয়েছে। তাই আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরেছি। তবে ওই শিক্ষকের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত পোস্টারিং, সভা, সেমিনারসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফ যেন কলেজে না থাকেন। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুটি মামলায় তিনি কারাগারে আছেন। ছাত্ররাও আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে যোগ দিয়েছে।’
সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি বলেন, ‘একজন চিকিৎসকের এমন ঘটনায় আমরা সারা দেশে ছোট হয়েছি। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’










