প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণ করেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সে হিসেবে ছয় মাস পূর্ণ হয়েছে বর্তমান সরকারের। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এক মতবিনিময় সভা। সেখানে সরকারের কর্মকাণ্ডের বিষয়ে অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন মাহ্দী আমিন।
সভায় সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এছাড়া সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম সম্পর্কে জনগণকে জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। যেখানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটের কালি শুকানোর আগেই ইশতেহারে দেওয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ–পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে।
জনগণের স্বস্তির জন্য সরকারের কাজ অব্যাহত রয়েছে বলে এসময় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিরাজমান সংকট নিরসনে তিনি উদ্যোগ নিচ্ছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।









