সাতক্ষীরা ও মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সড়কে যাত্রীাবাহী বাসের ধাক্কায় সাগর আলী নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাগর আলী তার ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে শ্যামনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে সড়কের বংশীপুর নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ান নামের দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হাশেম বেপারী নামে আরো একজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে এবং কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। এছাড়া আহত হাশেম বেপারী একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয় এবং এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনায় আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায় এবং এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন এবং এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।