বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাপড় অবৈধভাবে খোলাবাজারে বিক্রি, কম মূল্যে রফতানি দেখানো ও মূসক ফাঁকির অভিযোগে দুই পোশাক কারখানার বিরুদ্ধে ১০২ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, রিয়াজ নিটওয়্যার লিমিটেড ও লিশা টেক্স (প্রা.) লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানে এ অনিয়ম পাওয়া গেছে।
সিআইসির পৃথক অনুসন্ধানে রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭২০ টাকা এবং লিশা টেক্সের বিরুদ্ধে ৭ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
সিআইসি জানিয়েছে, দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সরেজমিনে কাঁচামালের মজুদ যাচাই করে আমদানি ও রফতানির তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। রিয়াজ নিটওয়্যার পরিদর্শন করা হয় ৫ অক্টোবর এবং লিশা টেক্স ১০ সেপ্টেম্বর। এ কাজে বাংলাদেশ ব্যাংক, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড, বিজিএমইএ ও বিকেএমইএর তথ্যও যাচাই করা হয়েছে।
বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিআইসি।










