সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত নয়টি মামলায় রায় জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে রায়ের জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন।
আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানির সময় আপিল বিভাগের এজলাস আইনজীবীদের উপস্থিতিতে ভরে যায়। সাম্প্রতিক সময়ে এত বড় জালিয়াতির ঘটনা আর প্রকাশ্যে আসেনি বলে এসময় উল্লেখ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ঘটনায় আপিল বিভাগের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অভিযোগ রয়েছে, আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া মূল আবেদনকারীদের বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেননি। পরে মূল আবেদনকারীদের বাদ দিয়ে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষে আদেশ দেয়া হয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত এমন নয়টি মামলায় তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে।










