ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে রাজধানীসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোW জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা নেয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বাংলাদেশ সচিবালয়ে আজ নিজ কার্যালয়ে ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবন চিহ্নিত করা এবং ভবন নির্মাণে জাতীয় ভবন নির্মাণ বিধিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।
এছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম রাখা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ দেয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










