মিরসরাইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনা প্রতিরোধী টিকা দেয়া শুরু হয়েছে। গকাল সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত গণটিকা পেল ৯ হাজার ৬০০ জন ব্যক্তি। তবে টিকাসল্পতার কারণে অনেকে আইডি কার্ড থাকা সত্ত্বেও ফিরে গেছেন।

সরেজমিনে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায় টিকা গ্রহণকারীদের দীর্ঘ লাইন। এলাকাবাসী যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের কাজ করতে দেখা গেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরাও নিরলস কাজ করেছেন। এ সময় টিকাদান কেন্দ্রগুলোতে ছিল ভোটের আমেজ। বলা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগাম প্রচারণা চলেছে টিকা কেন্দ্রে।

নাম প্রকাশে অনিচ্ছুক হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক সম্ভাব্য মেম্বর প্রার্থী জানান, কয়েক মাস পরই অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আকর্ষণ করতে টিকাদান কেন্দ্রকে সুযোগ হিসেবে লুফে নিয়েছেন।