প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের কারণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সর্ম্পক আছে, সেটা আরো উচ্চ শিখরে যাবে।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অলরেডি একটি ভালো সর্ম্পক আছে এবং আপনারা জানেন যে আগস্ট রেভুলিউশনের পরে এটা আরেকটু ভিন্নমাত্রায় আসছে এ কারণে যে ইউএস সারা বিশ্বে তারা চায় যে বিশ্ব ডেমোক্রেসিতে থাকুক, সবাই ডেমোক্রেসির চর্চা করুক। উনারা (মার্কিন যুক্তরাষ্ট্র) দেখছে যে এতদিন ধরে যে অটোক্রেটিক রিজিম ছিল, ডিক্টেটরশিপ ছিল সে জায়গা থেকে যে সরকার আসছে তাদের প্রধান কাজটা হচ্ছে দেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নেয়া। সেজন্য তারা বাংলাদেশের সঙ্গে কাজ করা আরো বাড়িয়ে দিয়েছে। ডেমোক্রসি ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সর্ম্পক আরো গভীর হবে।

প্রেস সচিব বলেন, ড. ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই দলেরই ভালো সর্ম্পক রয়েছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গেই তার বন্ধুত্ব রয়েছে। উনার এ ব্যক্তিগত সর্ম্পক বা রিপাবলিকান পার্টির লিডার, স্টেট টু স্টেট সর্ম্পকের কারণে দুই দেশের মধ্যকার সর্ম্পক আরো গভীর হবে।