গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় তারা দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তা জানা যায়নি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। এ সময় তারা ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কি না, এসব বিষয়েও জানতে চান। তাদের ভোট কেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।