২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট দেশের দরিদ্র মানুষ শোষণের বাজেট
এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (৬
জুন) প্রস্তাবিত বাজেট ঘোষণা পরবর্তী এক প্রতিক্রিয়ায় ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।
তিনি বলেন, এ দেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে
জনপ্রতিনিধিত্ববিহীন এ সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটিই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের
সবচেয়ে বড় দুর্ভাগ্য।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এ সদস্য বলেন, এক কথায় বলতে গেলে,
এ পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের
সাজানো হাতিয়ার। এটি একদিকে ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যদিকে
দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা।
ড. আবদুল মঈন খান বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে
সরকারের ক্ষমতা দখল করে আছে। কাজেই এ দেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে
জনপ্রতিনিধিত্ববিহীন এ সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটিই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের
সবচেয়ে বড় দুর্ভাগ্য।
তিনি বলেন, দেশের ভবিষ্যত চিন্তায় এ বাজেট দেয়া না দেয়ার কোনোরকম
সম্পর্ক নেই, বরঞ্চ এ অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পর আগামী
বছরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরো একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই
মনে করিয়ে দেয়।










