বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাতে দুই পক্ষ কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র কিভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

এ সময় আরো ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।