কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পূর্বাঞ্চলের ৪টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে। রোববার (১৭ মার্চ) ঢাকাগামী মহানগর গোধূলি, চট্টগ্রামগামী তূর্ণা, সোমবার (১৮ মার্চ) জামালপুর-চট্টগ্রাম-জামালপুর রুটের বিজয় এক্সপ্রেস আপ-ডাউন উভয় রুটের ট্রেন দুটির যাত্রা বাতিল করেছে রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে পূর্বাঞ্চলের রুটগুলোতে ট্রেনের শিডিউল বিপর্যয় শুরু হয়। এর প্রেক্ষিতে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস বিকাল পৌনে ৫টার পরিবর্তে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়। অপর দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
দুর্ঘটনার কারণে লাইন ক্লিয়ার না থাকায় বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মহানগর গোধূলি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে। গোধূলি ট্রেনের রেক দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে তূর্ণা এক্সপ্রেস রাত ১১টা ১৫মিনিটে ছেড়ে আসার কথা ছিল। যার কারণে গোধূলি ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় ঢাকা থেকে তূর্ণা এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে।
এদিকে রোববার দুপুরে ময়মনসিংহ ও জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পতিত হওয়ায় আগামীকাল সোমবার উভয়মুখে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-জামালপুর টাউন রুটের ৭৮৫ নম্বর ট্রেনটি আগামীকাল সকাল ৯টা ১৫টি মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। জামালপুর টাউনে পৌঁছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে পৌঁছে ট্রেনটি ফিরতি যাত্রী নিয়ে রাত ৯টা ৪০ মিনিটে ৭৮৬ নম্বর বিজয় এক্সপ্রেস ট্রেন হয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু এই ট্রেনের স্ট্যান্ডার্ড কম্পোজিশনের ৯টি কোচই লাইনচ্যুত হওয়ায় নতুন রেক কম্পোজিশন তৈরি করতে বিলম্বের কারণে আগামীকালের দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, কুমিল্লায় বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে সন্ধ্যা সাতটার পর লাইন ক্লিয়ার হওয়ার পর আটকে থাকা ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক হয়েছে। রেক কম্পোজিশন ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীকালের বিজয় এক্সপ্রেস আপ-ডাউনে যাত্রা বাতিল, চট্টগ্রাম থেকে গোধূলি ট্রেন ও ঢাকা থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছে, গোধূলি এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে বিকাল ৩টায় ছেড়ে রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। এরপর একই রেক দিয়ে তূর্ণা ট্রেনের যাত্রী পরিবহন করবে। গোধূলির যাত্রা বাতিলের কারণে তূর্ণার যাত্রাও বাতিল করা ছাড়া উপায় ছিল না। অপর দিকে বিজয় এক্সপ্রেস একটি মাত্র রেক দিয়ে আপ-ডাউনে ট্রেন সার্ভিস পরিচালনা করে। রেকটির ৯টি কোচ লাইনচ্যুত হওয়ায় আপাতত একদিনের জন্য উভয়মুখে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। অনলাইনে যারা টিকিট ক্রয় করেছেন তারা অনলাইনে টিকিট রিফান্ড করতে পারবেন। আবার যারা স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন তারা কাউন্টার থেকেই টিকিট রিফান্ড করবে পারবেন বলে জানিয়েছেন রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।
প্রসঙ্গত, রোববার বেলা ১টা ৪৩ মিনিটে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ দুর্ঘটনায় বেলা ৩টা থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।









