জ্বালানি তেলের দাম বাড়ানো মানে সব জিনিসের দাম বেড়ে যাওয়া- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৩১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এক লিটার জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়েছে সরকার- এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, বুঝতে পারছেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস। আড়াই টাকা তেলের দাম বাড়ানোর মানে হলো, সব জিনিসের দাম বেড়ে যাওয়া।

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণদোয়ায় মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি। তিনি নিজে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছেন। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, জিয়াউর রহমানের নাম শুনলে আজকে গাত্রদাহ হয়। কারণ যে কাজটা তাদের করার কথা ছিল সে কাজটাই জিয়াউর রহমান করেছেন। এটিই ছিল জিয়াউর রহমানের অপরাধ। আল্লাহতায়ালার কাছে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহতায়ালা তাকে যেন বেহেশত নসিব করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা বলেন বিএনপি নেই, বিএনপি থাকবে না। তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে ও থাকবে। বিএনপির হাতেই দেশ এবং স্বাধীনতা নিরাপদ। বিএনপির প্রতিষ্ঠাতাই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। বিএনপিই এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। যারা দেশকে বিপদে ফেলে চলে যায় তাদের হাতে দেশ নিরাপদ নয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।