মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ ঢুকে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্কুলটির শিক্ষার্থী, অপরজন শিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আজ সোমবার বেলা বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার (৩৫) ও শিক্ষার্থী জারিন তাসনিম (৭)। নিহত শিক্ষার্থীর বাবার নাম সহিদুল ইসলাম। তারা উপজেলার টেপড়া গ্রামের বাসিন্দা। ফাতেমার স্বামীর নাম আওলাদ হোসেন। উপজেলার ভাকলা গ্রামে বসবাস করেন তারা। যে পিকআপটি স্কুলে ঢুকে পড়ায় হতাহতের ঘটনাটি ঘটেছে সেটি একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এন.ডি.ই কোম্পানির পিকআপটি মাঠে রাখা হতো। আজ সকালে টিফিন পিরিয়ডের সময় শিক্ষার্থীরা মাঠে আসে। এ সময় চালক পিকআপটিকে স্কুল প্রাঙ্গন থেকে বের করে নিতে চালু করে। কয়েক মিনিট পর গাড়িটি নিয়ে বের হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান ও শিক্ষার্থীদের চাপা দেন। তাদের সাহায্যে এগিয়ে গিয়ে চাপা পড়েন শিক্ষিকা ফাতেমা। আহত হন আরো ছয়জন। ঘটনাস্থলেই মারা যায় তাসনিম। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই ঘাতক পিকআপ চালক ও বাহনটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন এসব তথ্য নিশ্চিত করেন। বলেন, স্কুল প্রাঙ্গনের ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। পিকআপটিও জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় বাকি ব্যবস্থা নেয়া হচ্ছে।