দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় নওগাঁ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নাটোর, গাজীপুর ও রাজবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নওগাঁ: জেলার মান্দা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে শ্রাবণ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের হেলপার বলে জানা গেছে। গতকাল সকালে উপজেলার চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, সকালে নওগাঁ-রাজশাহী সড়কের চৌদ্দমাইল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে ধাক্কা দেয় সবজিবাহী একটি ট্রাক। এ সময় একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যান। তবে তার পুরো ঠিকানা এখনো পাওয়া যায়নি।

হবিগঞ্জ: মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য আরোহী। গতকাল দুপুরে উপজেলার দক্ষিণ বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েতুর রহমান (৩০) ময়মনসিংহের ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে। আহত আয়াদ আবইয়াদ ময়মনসিংহের ভালুকা কলেজ রোড এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, ঢাকাগামী একটি পিকআপ সিলেটগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক এনায়েতুর রহমান ও আরোহী আয়াদ আবইয়াদ গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর: রায়পুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এতে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

নাটোর: জেলার বড়াইগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় হাসেন আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কয়েন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেন আলী বড়াইগ্রামের জোয়ারি ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

গাজীপুর: টঙ্গীতে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিশার তিন যাত্রী। গতকাল ভোর ৫টার দিকে টঙ্গীর নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক শাহিন মিয়া (৪৫) গাজীপুর মহানগরীর পূবাইল নন্দিবাড়ী এলাকার মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে।

রাজবাড়ী: পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজি শহীদ বিশ্বাসের ছেলে।