তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশের আনাচে-কানাচে
সাংবাদিকতা করতে গিয়ে কোনো সাংবাদিক যেন কোনো ধরণের হয়রানি বা ঝুঁকির মুখে না পড়ে।
তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
সোমবার (১৮ মার্চ) বিকালে রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের কল্যাণ অনুদানের
চেক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনভাবে কাজ করবে। সরকারকে প্রশ্ন করবে, সমালোচনা করবে, এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে চাই।
এর বাইরে বঙ্গবন্ধু কন্যার সরকার চিন্তা করে না।
ঢাকার বাইরে গণমাধ্যমের একজন সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
কারাদণ্ড দিয়ে জেলে নেয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ খবরটি জানার সঙ্গে সঙ্গে
আমি খোঁজ নিয়েছি। তথ্য কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এ বিষয়টি আমলে নেয়। এরই মধ্যে
তারা বিষয়টির তদন্ত করেছে। আমি কমিশনের সঙ্গে যোগাযোগ করে বলেছি, আমরা সঠিক তথ্য জানতে
চাই।
তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষা বলয় তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনার প্রয়াসের অংশ হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ অনুদান দেয়া হচ্ছে।
এখানে প্রধানমন্ত্রী রাজনৈতিক বিশ্বাস বা অন্য কোনো কিছু দেখেননি, শুধু প্রয়োজন দেখেছেন,
মানুষ দেখেছেন, সাংবাদিককে দেখেছেন। কে কোন দলের, কার পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন এগুলো
চিন্তা করেননি । তার ভিত্তিতে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকদের অনুদানের কাজটি করা
হয়েছে।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, যারা সমাজে অসৎ উদ্দেশ্য নিয়ে অপতথ্য
ছড়ায়, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। কারণ অপতথ্য গণতন্ত্রের জন্য হুমকি,
সুস্থ সাংবাদিকতা ও সুস্থ গণমাধ্যমের জন্য হুমকি। সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে বঙ্গবন্ধু
কন্যা শেখ হাসিনার সরকার সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল।এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য ও তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, ট্রাস্টি বোর্ড সদস্য ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, ট্রাস্টি বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ট্রাস্টি বোর্ড সদস্য ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, ট্রাস্টি বোর্ড সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অনেকে।










