মানিকগঞ্জ পৌর এলাকায় সোহরাব হোসেন নামের এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে নয়াকান্দি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ছিনতাইয়ের সঙ্গে জড়িত মানিকগঞ্জ পৌর এলাকার বড় সরুন্ডী গ্রামের মো. জিসান (২৩) ও একই গ্রামের মো. রবিউল ইসলাম (২৫) নামের দুই তরুণকে চিনতে পেরেছেন বলে দাবি ভুক্তভোগীর।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় অবস্থিত মিলনস ফিলিং স্টেশনের মালিক সোহরাব হোসেন। ফিলিং স্টেশনের পেট্রোল ও ডিজেল বিক্রির টাকা তিনি উত্তরা ব্যাংকের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বারইল শাখায় জমা করেন। প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে জ্বালানি তেল বিক্রির ১৫ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে ‍উত্তরা ব্যাংকের বারইল শাখায় যাওয়ার উদ্দেশে রওনা হন। বেলা পৌনে ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা সোহরাবের মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় জিসান, রবিউলসহ পাঁচ-ছয়জন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে ১৫ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে জেলা শহরের দিকে চলে যায় ছিনতাইকারীরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি বিষয়টি সবাইকে জানান। 

ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘ছিনতাইয়ের সঙ্গে জড়িত জিসান ও রবিউলকে আমি চিনতে পেরেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অবিলম্বের ছিনতাইকারীদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধার করা দাবি জানাচ্ছি।’ 

মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।’