নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনের বাইরের দিকে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে যান তারা। রাজধানীর সবুজবাগে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা ১০টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন অন্তর, আলতাফুর রহমান ও মফিজুল ইসলাম। তাদের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। সকালে মায়াকাননের জামিয়াতুল মসজিদের পশ্চিম পাশে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার বাইরের দিকে কাজ করার সময়ে মাচা ভেঙে পড়ে যান তিন শ্রমিক। সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান গাজী বলেন, ‘সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তিন নির্মাণ শ্রমিককে নিয়ে যাওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। সেখানে দুজনের মৃত্যু হয়। আরেকজন মারা যায় ঢাকা মেডিকেলে।’










