দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন- সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

মির্জা ফখরুল বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করছে সরকার। অসংখ্য বেনজীর-আজিজ সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। লুটের সাম্রাজ্য তৈরি করেছে সরকার। লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, পাকিস্তান একদিনে হয়নি, বাংলাদেশ একদিনে হয়নি। ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র ১৫ বছর। আমরা হেরে গেছি, এটি মনে করার কোনো কারণ নেই।

বিএনপি মহাসচিব বলেন, এ লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই, ৬০ লাখ আসামি। এ লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। আমরা জেলে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসেনি। তবে একদিনে সাফল্য আসে না। বেগম জিয়া এখনো কারাগারে, তাকে মুক্ত করতে পারিনি। লড়াই থেমে যায়নি, যতক্ষণ বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। সেখান থেকে সরে আসিনি।

তিনি বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল, সঠিকভাবে চলার কাজ শুরু করেছি। বিএনপির রিসার্চ সেল আছে। বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। এখনো পিছপা হয়নি। বিজয় অর্জন করতেই হবে। সাফল্য আনতেই হবে। অবশিষ্ট লক্ষ্য থেকে সরে আসবে না বিএনপি, মাঝেমধ্যে কৌশল পরিবর্তন হবে।