রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির-কাম ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজস্ব খাতের ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা হয়েছে।
অভিযুক্ত কাজেম আলী রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর মহল্লার মৃত আলী হোসেনের ছেলে। তিনি ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পবা উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত থাকাকালীন তিনি অবসরে যান।
মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি বলেন, ‘পবা উপজেলা ভূমি অফিসে নাজির-কাম ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন কাজেম আলী। তিনি ডিসিআরমূলে রাজস্ব খাতের টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু তিনি আদায়কৃত অর্থের চালান টেম্পারিং করে ৭০ লাখ টাকা কম জমা করেন। একই সঙ্গে ডিসিআরের মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা না করে জাল চালান তৈরি করে আরো ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন।’









