ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪টি দাবি উত্থাপন করেন তারা।
আজ শনিবার বেলা আড়াইটায় ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সংবাদ সম্মেলনে ইন্টার্ন ডাক্তার সোসাইটির (আইডিএস) সাধারণ সম্পাদক নাবিল বিন কাশেম এ ঘোষণা দেন।
তিনি বলেন, হামলার প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ চারটি কর্তৃপক্ষের কাছে আমাদের চার দফা দাবি ছিল। বেশির ভাগ দাবিই বাস্তবায়নের জন্য এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সুপারিশে উল্লেখ করেছে বলে জানতে পেরেছি। এখন সরকারের কাছে দাবি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়। আমরা আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব।
এর আগে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টা কর্মবিরতির পর আজ শনিবার চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও হামলাকারীদের শাস্তির দাবিতে বেলা ১১টার দিকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে গত ৮ এপ্রিল বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হাতাহাতি ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জরুরি বিভাগে চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।










