জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী শনিবার (চাঁদ দেখা সাপেক্ষে) সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ওই এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. এমাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

এ বছর মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।