চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়া ফেনীতে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে বাসের ধাক্কায় দুই সহোদর প্রাণ হারিয়েছেন। নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীপাড় এলাকায় গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠে চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন। একই সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। গতকাল বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে মামুন (৩১), একই এলাকার শাহ আকাম উদ্দীন পাড়ার ছিদ্দিক আহামদের ছেলে হুমায়ুন (৩৮) ও আব্দুর রশিদের ছেলে আব্দুস সাত্তার (৩৪)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন পিকআপে থাকা দুই ভাই মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একরামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। তবে সেখানে নেয়ার পথে একরাম হোসেনও মারা যান। তারা পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজীবাড়ির শাহ আলমের ছেলে।
নাটোর: সিংড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের মেয়ে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।
অন্যদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর পুলিশ লাইনস স্কুলের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার লাকি মেম্বারের ছেলে।










