বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া উপদেষ্টারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আলাদা শোকবার্তায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সাহসী, প্রজ্ঞাবান ও আপসহীন রাজনৈতিক নেতা। দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন দৃঢ় নেতৃত্ব ও প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছে।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদখাতের উন্নয়নেও তার দৃঢ় ভূমিকা ছিল।
অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তার সিদ্ধান্ত ও অবস্থান দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ প্রভাব রেখে গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বরেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। দেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।
শোক বার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দেশের গণতন্ত্রকে সুসংহত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে তিনি যে ভূমিকা রেখেছেন, জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। পতিত স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে তার আদর্শিক ও আপোষহীন অবস্থান, নেতৃত্ব ও লড়াই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে অনন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ও অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া পরিবেশ, অবকাঠামো, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে যে ভূমিকা রেখেছেন, জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।










