অগ্রিম হোটেল বুকিং ছাড়া ভারতের কলকাতায় ভ্রমণ না করতে বাংলাদেশী নাগরিকদের সতর্ক করেছে সেখানকার বাংলাদেশ উপহাইকমিশন।
গত ১৯ আগস্ট ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিট (ফ্রি স্কুল স্ট্রিট) সংলগ্ন ফ্লোরেন্স ম্যানশনের ‘শিখা ইন’ নামক আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হন। এর মধ্যে সাতজনই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার পর সেখানে অনেক আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এতে সেখানে চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে যাওয়া বাংলাদেশীরা আবাসন–সংকটে পড়তে পারেন। এ পরিস্থিতি এড়াতেই বাংলাদেশ উপহাইকমিশন এ ঘোষণা দিয়েছে।
উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব হোটেল আবার চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।










