করোনার মহামারীতে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ
শিক্ষাপ্রতিষ্ঠান। কবে খুলবে জানা নেই। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার
প্রতিবাদে গাছ তলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও
সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঘোষণা অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ
ঠাকুর একাডেমিক ভবনের সামনে লিপু চত্বরে ক্লাস নেন তিনি।
এর আগে প্রস্তুতি হিসাবে বিভাগের ক্লাসরুম থেকে চেয়ার,টেবিল,বেঞ্চ আনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গত শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন। প্রতিকী ক্লাসে তিনি
মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা
করেন।
এ ব্যাপারে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের
শিক্ষক আ আল মামুন বণিকবার্তাকে বলেন, সরকার শিক্ষাব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা
অযৌক্তিক। টিকার ব্যবস্থাও করছে না আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। তাই এর
প্রতিবাদে উম্মুক্ত জায়গায় প্রতীকী ক্লাস নিয়েছি।
এই ক্লাস অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, প্রতীকী
ক্লাস প্রতি সোমবার ও মঙ্গলবার নেওয়া হবে। এতে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, এটা শিক্ষা নিয়ে তামাশা নয়। শিক্ষার সত্যিকার উদ্দেশ্য
হাসিল করতে এ উদ্যোগ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ক্লাস নেওয়া হলে শিক্ষার্থীরা যেমন চর্চার মধ্যে থাকবে
তেমনি শিক্ষকরাও উপকৃত হবেন।
সশরীরে ক্লাসের এই উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে ক্লাসে
উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক বখতিয়ার আহমেদ ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম
কনক। এসময় অধ্যাপক আমিরুল ইসলাম কনক আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) ক্লাস নেওয়ার
ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষাখাত সবচেয়ে
অবহেলিত। স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের কাছে দাবি
জানান শিক্ষকরা।
উল্লেখ্য, করোনা সংক্রমণের পর থেকে প্রায় ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিয়েও সংক্রমণ ঝুঁকির কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।










