সড়ক দুর্ঘটনায় চার জেলায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ ও কুমিল্লায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া ঢাকার ডেমরা ও লক্ষ্মীপুরে আরো দুজন প্রাণ হারিয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মানিকগঞ্জ: সিংগাইরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। তাকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)।

সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে তিনজন ছিলেন। পিকআপটি বিপরীত দিক থেকে আসছিল। এক পর্যায়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক বাঁধন ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতাবস্থায় সিংগাইরের ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা: দেবীদ্বারে বাসচাপায় দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের বাবা জাহাঙ্গীর আলমসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাংচুর করে।

নিহত শিশুরা হলো মো. জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা আক্তার (৯)। তারা জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মন্তু মেম্বার বাড়ির জাহাঙ্গীর আলমের সন্তান। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবাসিক শিক্ষার্থী হওয়ায় বাবা জাহাঙ্গীর আলম নিজেই সিএনজি অটোরিকশাটি চালিয়ে সন্তানদের মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে জুনায়েদ এবং হাসপাতালে নেয়ার পথে ফাহিমা মারা যায়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকা: রাজধানীর ডেমরার বামৈর স্টাফ কোয়ার্টারের সামনে অটোরিকশার ধাক্কায় ইউসুফ হাওলার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউসুফ হালদার পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে। তিনি বামৈর এলাকায় ভাড়া থাকতেন।

লক্ষ্মীপুর: ট্রাকচাপায় আবু তাহের (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় সুমন নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাচালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন। পরে তাদের সদর হাসপাতালে নেয়ার পর আবু তাহেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।