দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি বাস ও ট্রাকে অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। গতকাল দিনের বিভিন্ন সময় টাঙ্গাইল, রাজশাহী, গাজীপুর, রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
টাঙ্গাইল: জেলার মধুপুরে বিনিময় পরিবহনের বাসচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ওই পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, ‘রাতে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরের গোলাবাড়িতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। পরে স্থানীয় লোকজন টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
রাজশাহী: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে রাজশাহী নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যুবক। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত নাইম ইসলাম (২৩) নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। তিনি রাজশাহী কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত রোহান ইসলামকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর: জেলার কোনাবাড়ীতে গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। তাদের কোনাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বকুল মিয়া (৩৫) নীলফামারীর তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) ও হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।
কোনাবাড়ী থানার এসআই মো. পাপন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রংপুর: জেলার কাউনিয়ায় বাসচাপায় তাজেল ইসলাম (৩১) নামে এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল ইসলাম উপজেলার প্রাণনাথ চর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।










