গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) হিসাবরক্ষণ কর্মকর্তার পদ রয়েছে দুটি। বর্তমানে দুজন হিসাবরক্ষণ কর্মকর্তা সেখানে কর্মরত। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমানকেও বদলি করা হয়েছে গাজীপুরে, যা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। হিসাবরক্ষণ কর্মকর্তার পদ খালি না থাকায় তার যোগদানপত্র গ্রহণ করতে পারছে না গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সংশ্লিষ্টরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মাসুদুর রহমানকে সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশন থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে গাজীপুরে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম ১১ জুলাই তাকে বদলির আদেশ দেন। আদেশে তার মূল কর্মস্থল হিসেবে গাজীপুর পৌরসভাকে উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে।

জানা গেছে, মাসুদুর রহমান ২৮ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যোগদানপত্র দাখিল করেন। নিয়োগপত্র গ্রহণ করতে তিনি নগর ভবনে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নানাভাবে চাপ প্রয়োগ করছেন। সম্প্রতি মেয়র অপসারণ করায় এমনিতেই সার্বিক কাজকর্মে জটিলতা সৃষ্টি হচ্ছে। তার ওপর যোগদান নিয়ে মাসুদুর রহমান কর্মপরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিষয়টি সমাধানে ১৩ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নিয়োগকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখা, তৎকালীন গাজীপুর পৌরসভা নয়। তিনি পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত। তাকে এর আগে প্রেষণে কুমিল্লা সিটি করপোরেশনে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়। বাংলাদেশ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন গঠন করা হলে পৌরসভা বিলুপ্ত হয়। সে সময় তিনি তৎকালীন পৌরসভার কর্মচারী না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের আত্মীকরণকৃত কর্মচারী হিসেবেও গণ্য হননি। তাই গাজীপুর সিটি করপোরেশন তার মূল কর্মস্থল নয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনে থাকাবস্থায় মাসুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটি এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনও দাখিল করেছে। প্রতিবেদন অনুযায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ১১ জুলাই মন্ত্রণালয় থেকে একটি আদেশও দেয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বণিক বার্তাকে বলেন, ‘আমাদের এখানে হিসাবরক্ষণ কর্মকর্তার দুটি পদ রয়েছে। পদ শূন্য না থাকলেও মাসুদুর রহমানকে এখানে বদলি করা হয়েছে। আমরা মাসুদুর রহমানের যোগদানপত্র গ্রহণ করিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’