চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করেছেন। বুধবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আগামী ৩১ মার্চের মধ্যে জরিমানা এড়াতে সব করদাতাকে রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।

এনবিআর জানায়, বিশেষ আদেশের মাধ্যমে এ বছর প্রবীণ করদাতা (৬৫ বছর বা তদূর্ধ্ব), বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসী বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৪০ লাখের বেশি করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন।

এতে বলা হয়, চলতি কর বছরের আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন, জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চ মাসের প্রথম ৪ দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।