জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে এলে এ সমর্থন চেয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে রাষ্ট্রদূত খোজিন দায়িত্ব গ্রহণে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আরো শক্তিশালী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে উল্লেখ করেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ অভিবাসন এবং জনযোগাযোগের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের অংশীদারত্ব সম্প্রসারিত হচ্ছে। এ সময় রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করতে রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন চেয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের স্থির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং দুই দেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিক সুবিধাজনক অংশীদারত্বকে আরো এগিয়ে নিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এদিন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের নেতৃত্বে বাংলাদেশে রুশ দূতাবাসের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতি অনুযায়ী, সাক্ষাতে উভয় পক্ষ জ্বালানি থেকে শুরু করে শিক্ষা এবং রাশিয়ায় দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মধ্যে যোগাযোগের সুযোগের পাশাপাশি বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনার ওপর আলোকপাত করেন।