পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা-৭ ঘন কুয়াশার কারণে ডুবে গেছে। গতকাল সকাল সোয়া ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। পরে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে ফেরির সেকেন্ড ড্রাইভারসহ দুজনের খোঁজ মেলেনি এখনো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা। এর মধ্যে সকাল ৮টা ১৬ মিনিটে খবর আসে পাটুরিয়া ৫ নং ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গেছে। পরে ৮টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
নৌ-পরিবহন মন্ত্রণালয় জানায়, ইউটিলিটি টাইপ ফেরি (ছোট) রজনীগন্ধা-৭ মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। কিন্তু পাটুরিয়ার কাছাকাছি গিয়ে ঘন কুয়াশার কারণে নদীতে নোঙর করে। সকাল আবার রওনা হয়ে ৫ নম্বর ঘাটের কাছাকাছি গিয়ে সেটি দুর্ঘটনায় পড়ে। এ বিষয়ে বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে রজনীগন্ধা নামে ফেরিটি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ফেরিতে থাকা এক ট্রাকের মালিক নাজমুল ইসলাম অবশ্য উদ্ধার পাওয়ার পর জানান, ফেরিটিকে কোনো বাল্কহেড ধাক্কা দেয়নি। নিচ দিয়ে পানি উঠে ডুবে গেছে। ডুবতে শুরু করলে আশপাশে থাকা কয়েকটি নৌযান ফেরির আরোহীদের উদ্ধার করতে এগিয়ে আসে। নাজমুলসহ কয়েকজনকে একটি ট্রলারে তুলে নেয়া হয়।
দুর্ঘটনাটির কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ফেরির ইঞ্জিন ড্রাইভারের সহকারী হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনার কারণ জানাতে পারবে বলে আশা করছি।’
ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে তার আগেই ডুবে যাওয়া ফেরিতে থাকা ট্রাকগুলো ভেসে যায়। এর মধ্যে একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে দুই কিলোমিটার দূর থেকে।
তিনি আরো জানান, ৬০ টন পর্যন্ত উদ্ধারের সক্ষমতা রয়েছে হামজার। কিন্তু ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার ওজন প্রায় ২০০ টন। তাই সেটিকে উদ্ধারে ৩০০ টন সক্ষমতার জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আসছে। আজ সকাল নাগাদ ফেরির উদ্ধারকাজ শুরু হওয়ার কথা।










