জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ (সিএজি) সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নুরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন জমা দেয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সরকারি তহবিল ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর। এর ফলে সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বাড়ছে।’










