টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো নয় জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
টাঙ্গাইল: সকালে তিন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুরে পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক মারা যান। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ময়মনসিংহ: তারাকান্দায় বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের মা-বাবাসহ তিনজন আহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শেরপুরের শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাবের ছেলে আনাছ আহনাফ (৩) ও মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।
গাইবান্ধা: ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মিক্সার মেশিনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে মা-ছেলে নিহত হয়েছে। এ সময় একই পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাঘাটা-গাইবান্ধা আঞ্চলিক সড়কের বিলবস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার উত্তর উল্যাবাজার এলাকার আব্দুল আজিজের স্ত্রী শান্তা বেগম (৩৬) ও তার ছেলে রবিউল ইসলাম (১৪)।
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর মাদ্রাসা ঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মাশরুফ (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাশরুফ নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মো. মামুনের ছেলে। পরিবারের সঙ্গে সে কামরাঙ্গীরচর এলাকায় থাকত।
সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহিউদ্দিন আহমদ নামে এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় এএসআই মামুন আহমদ গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জ কোর্টে দায়িত্বরত ছিলেন।
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় বিপুল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল দুপুরে বিরামপুর-দিনাজপুর সড়কের সরকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিপুল বেকারি কারখানার শ্রমিক ও প্রাণনাথপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী আব্দুল হালিমের ছেলে।
স্থানীয়রা জানান, সরকার পেট্রলপাম্প থেকে তেল কিনে সাইকেলে করে রাস্তা পার হচ্ছিল বিপুল। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপুল মারা যায়।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় মামতা ভৌমিক নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে বারইয়ারহাট পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামতা ভৌমিক ফেনীর উত্তর ফাজিলপুর সদর এলাকার বিক্রম ভৌমিকের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার কলাবাড়িতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম (৬৫) একই উপজেলার ১৯ বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, যাত্রীবাহী অটোরিকশাটি কানসাটের দিকে আসছিল। এ সময় সোনামসজিদগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাকিবুল ঘটনাস্থলে মারা যান।
জামালপুর: জেলার মেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটিচালক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মালঞ্চ মামাভাগিনা বেইলি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (২৮) উপজেলার চরপলিশা বেতমারি দক্ষিণ পাড়া এলাকার ফটেক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা জামালপুর থেকে ধান বোঝাই করে মেলান্দহ আসছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ভটভটিকে চাপা দেয়। এতে সোহেল রানা ছিটকে ট্রাকের নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান। পরে ট্রাকটি দেড় কিলোমিটার দূরে মালঞ্চ বাজারে জব্দ করেন স্থানীয়রা।
নারায়ণগঞ্জ: সোনারগাঁয় সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচাপায় ওয়াহিদ ওরফে দিলীপ নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে মুন্সিরাইল বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সহকারী কমিশনার ভূমি ইব্রাহিম ও তার গাড়িচালকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।










