জামদানির অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে জামদানি ভিলেজ প্রকল্প। এছাড়া বন্ধ পাটকল চালু করলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, ‘সরকার জামদানির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। জামদানির গবেষণা কার্যক্রম, বাজার সম্প্রসারণ, বীজ বৈচিত্র্যায়ণ এবং উন্নত জাত অন্বেষণে প্রয়োজনীয় পদক্ষেপ বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে নেয়া হচ্ছে। ’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোয় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনের পর আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মো. শরীফুল আলম আরো বলেন, ‘জামদানি ভিলেজ প্রকল্প সম্পন্ন করতে আমরা গুরুত্ব দিচ্ছি। এর মাটি ভরাট, সীমানা প্রাচীর ও ড্রেনেজ ব্যবস্থা শেষ পর্যায়ে। এখানে প্রদর্শনী কেন্দ্র, বিক্রয় কেন্দ্র এবং মেলা আয়োজনের জন্য উন্মুক্ত জায়গা থাকবে। টেন্ডার প্রক্রিয়া শেষ, দ্রুত কাজ শুরু হবে।’

বন্ধ পাটকল চালু প্রসঙ্গে প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বলেছেন বন্ধ পাটকল আমরা চালু করব, সে প্রক্রিয়া চালু আছে। বিজেএমসির অধীনে থাকা ২৫টির মধ্যে ১৪টি পাটকল লিজ দেয়া আছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। বন্ধ পাটকল চালুতে দেশী-বিদেশী উদ্যোক্তাদের যোগাযোগ করছি। যারা পাটকল অথবা অন্য কোন শিল্প প্রতিষ্ঠান করতে চান আমরা সাধুবাদ জানাই। এতে করে শিল্পায়ন হলে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতিতে ভূমিকা রাখবে। ’