ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যয় সাশ্রয়ী এবং শক্তিশালী স্মার্ট অবকাঠামো গড়ে তোলা অপরিহার্য। তাই আমরা জলে, স্থলে ও অন্তরীক্ষে স্মার্ট অবকাঠামো গড়ে তোলার অভিযাত্রা শুরু করেছি।

রোববার (১৭ মার্চ) রংপুর টেলিফোন ভবনে বিটিসিএলের  উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ এর রংপুর বিভাগীয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশের রূপান্তর সুনিশ্চিত।

তিনি আরো বলেন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক জীবন হবে বিটিসিএলের লাইফ লাইন। ভবিষ্যতে বিটিসিএলকে বাঁচিয়ে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাভজনক কোম্পানিতে পরিণত করতে জীবন ফলপ্রসূ অবদান রাখবে। 

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের মেধাবী ও সাহসী পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই পথ বেয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।