ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ এবং জাহাজের ক্রু ও নাবিকদের নিয়ে গণমাধ্যমে মাতামাতি হলে জলদস্যুদের অবস্থান আরো দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৭ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে বিষয়টি নিয়ে বেশি মাতামাতি হলে দস্যুরা তা স্যাটেলাইটের মাধ্যমে দেখবে। পরে তারা হাইজ্যাকের মূল্যমান ঠিক করবে। এটি যত বেশি মিডিয়া কাভারেজ পাবে তত বেশি তারা অবস্থান দৃঢ় করবে। এটি আগেও হয়েছে। সুতরাং আমি সবাইকে এ নিয়ে সতর্কভাবে রিপোর্ট করতে অনুরোধ করব। একটি কাগজ লিখেছে, জাহাজের ওপর আক্রমণ হয়েছে। এটি মিথ্যা। আরেকটি কাগজে লিখেছে অমুক জায়গায় টেলিফোন লুকিয়ে আছে সেখান থেকে যোগাযোগ করা হয়েছে। এ সমস্ত রিপোর্ট হলে নাবিকদের নিরাপত্তা জটিলতারও আশঙ্কা করছেন মন্ত্রী।

জাহাজের নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের নাবিকদের সুস্থভাবে এবং জাহাজটিও অক্ষতভাবে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে সরকার। তবে কী প্রক্রিয়ায় চেষ্টা করা হচ্ছে তা গণমাধ্যমে প্রকাশ করতে চান না তিনি।