বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি তানজানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল বেলা আড়াইটায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ ই সুলতান মাহমুদ বাবু, এমপি; মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এসকে আজিজুল বারী, এমপি; হুম্মাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি ও রোকেয়া বেগম, এমপি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ৫-৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন ও সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে। সম্মেলন শেষে ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরে আসবেন।










