মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, খাদ্যনিরাপত্তার জন্য সরকার কঠোরভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত খাদ্যনিরাপদ রাখার জন্য মনিটরিং করা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানা করা হচ্ছে। সরকার দেশের সব নাগরিকের জন্য মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর।

গতকাল পিরোজপুরে জীবিকার নিশ্চয়তা, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতের জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন সমিতি ও খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশের আয়োজনে শহরের টাউন ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চয়তার জন্য সব স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছেন। সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আর্থিক প্রণোদনাসহ কৃষকের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।

গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী।