ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। সহিংসতা রোধে সরকার ও বিজয়ীপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।

গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে এ ধরনের পরিস্থিতি কাম্য ছিল না। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার পরপরই দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা অনাকাঙ্ক্ষিত।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার নিষ্ক্রিয় থাকলে চলবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সক্রিয় থাকতে হবে। অন্যথায় সহিংসতাহীন নির্বাচনের অর্জন ম্লান হয়ে যাবে।

তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে এবং দেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাদের ওপর। নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে ব্যর্থ হলে তা শুরুতেই নেতিবাচক বার্তা দেবে এবং জনগণের আস্থায় প্রভাব ফেলবে। তাই বিএনপির নেতাদের বলব, দ্রুত দলীয় ব্যবস্থা নিন। সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহিতার আওতায় আনুন।