মানিকগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক শাইজুদ্দিন হত্যা মামলায় ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দুজনের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। গতকাল বিকালে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উত্পল ভট্টাচার্য আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের খৈইমুদ্দিনের ছেলে ছাহের উদ্দিন ও নিহত শাইজুদ্দিনের আপন ছোট ভাই। এক বছর করে সাজাপ্রাপ্তরা হলেন শাইজুদ্দিনের আরেক ভাই দলিল উদ্দিন ও তার ছেলে সেলিম।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামে ২০১৩ সালের ১২ জুন শাইজুদ্দিনের ওপর হামলা চালান তার ভাই ও ভাতিজারা। এ সময় বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন শাইজুদ্দিন। এ ঘটনায় নিহতের ছেলে আশিম আলী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

 মামলায় ছাহের উদ্দিন, দলিল উদ্দিন, সেলিম, সোহেল, মনজুরুল, নছির উদ্দিন, জিলুক, আসমা বেগম, রূপজান ও রেজাউল করিমকে আসামি করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আসগর আলী ২০১৩ সালে ২৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দালিখ করেন। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়।

যুক্তিতর্ক শেষে আসামি ছাহের উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণ হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অন্য দুই আসামি দলিল উদ্দিন ও তার ছেলে সেলিমকে এক বছর করে বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়।