ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ফারাবীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

জামিন আদেশের বিষয়ে হুজ্জাতুল ইসলাম খান বলেন, ২০২১ সালে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ফারাবী। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেছিল হাইকোর্ট। এরপর তিনি জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইনজীবী জানান, এ মামলায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কেউই ফারাবীর নাম বলেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া আর কোনো সাক্ষীর সাক্ষ্যে তার নাম উঠে আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তিনি ২০১৫ সালের ৩ মার্চ থেকে এই মামলায় কারাবন্দি ছিলেন। এসব যুক্তি আদালতে তুলে ধরা হলে তাকে জামিন দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচজনকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ফারাবী, যা এখন বিচারাধীন।