ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক অফিস থেকে লুট করে
নিয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উদ্ধার
করা ট্রাফিক সার্জেন্টের সেই মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের
খবরে একদল দুর্বৃত্ত সদর মডেল থানাসহ ট্রাফিক ব্যারাক অফিসে হামলা চালায়। এ সময় জ্বালিয়ে
দেয়া হয় ওসির বাসভবন, পুলিশ সদস্যদের মেস ও শহর ট্রাফিক অফিস। আগুন দেয়া হয়, সদর থানার
সামনে থাকা তিনটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকেও। লুট করা হয় সরকারি অনেক মালামাল। এর
মধ্যে ট্রাফিক সার্জেন্টের সরকারি মোটরসাইকেলটিও ছিল। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরে সেনাবাহিনীর
অস্থায়ী ক্যাম্পের সদস্যরা সেটি উদ্ধার করেন। ঘটনার জেরে একজনকে আটকও করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর
অস্থায়ী ক্যাম্প ইনচার্জ দিদারুল আলম দিদার বলেন, ট্রাফিক অফিস থেকে লুট করে নিয়ে যাওয়া
সুজুকি জিক্সার মডেলের একটি সরকারি মোটরসাইকেল উদ্ধার করেছি। মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়া
ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।









