গণ-অভ্যুত্থানের সময় আখতার হোসেন গ্রেফতার ও নাহিদ ইসলাম গুম হওয়ার পর ১৯ জুলাই থেকে অনেকটা আত্মগোপনে যেতে হয়েছিল বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে মাহফুজ আলম বলেন, '১৯ জুলাইয়ের পর থেকে একপ্রকার আত্মগোপনে ছিলাম। আমার সঙ্গে চারজনের একটা গ্রুপ ছিল। তাদের কাছ থেকেই মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসত। আখতার হোসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ওই গ্রুপে অন্তর্ভুক্ত ছিলেন। ১৯ জুলাই রাতে নাহিদ গুম হলেন, যেটা আমরা পরদিন জানতে পারলাম। এর আগে ১৭ জুলাই আখতার গ্রেফতার হলো। আসিফ বা বাকের কারো সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছিল না। তখন আমার কাছে মনে হয়েছে তাদের মুঠোফোন যেহেতু গোয়েন্দা সংস্থার হাতে যাবে। তখন তারা দেখবে ওখানে আমার সঙ্গে সংলাপ হচ্ছে বা আমাদের দিক থেকে নির্দেশনা যাচ্ছে। মূলত এ কারণে আমাকে আত্মগোপনে যেতে হয়েছিল।'

উপদেষ্টা বলেন, ‘ওই সময় একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়েছিল—আন্দোলনের পেছনে একজন মেধাবী তরুণ রয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন স্তরের ব্যক্তিদের সম্পর্ক রয়েছে। যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন ওই রিপোর্টে তাদের বিষয়ে এক ধরনের অনুসন্ধান করা হয়।'

তিনি বলেন, ২ আগস্ট ওই রিপোর্ট প্রকাশের পর আমি আবার প্রকাশ্যে আসি। কারণ আমার মনে হয়েছিল এরপর আর আত্মগোপনে থাকার মানে হয় না।