নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলাব উপজেলার হাড়িসাংগান গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সানি ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে শাহ আলম।
নিহতদের বন্ধু রুহুল আমিন জানান, হাড়িসাংগান এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে সিঅ্যান্ডবি রোডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে সানি ও শাহ আলম ট্রাকের চাকার নিচে পড়েন। শাওন (২২) নামে আরেকজন ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানি ও শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।










