ভোর থেকেই রাজধানীর আকাশে জুড়ে ছিল মেঘের আনাগোনা। সোমবার (১০ জুন) সকাল ৭টার পর আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। এরপর ঠাণ্ডা বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন স্থানে গরম কমে আবহাওয়া শীতল হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে গরম কমলেও বৃষ্টির কারণে সকালে অফিসসহ অন্যান্য গন্তব্যে যাওয়া যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কেউবা ছাতা আবার রেনকোট পরে বের হয়েছেন।
রাজধানীর শাহবাগে কথা হয় আবুল বাশারের সঙ্গে। তিনি বলেন, বৃষ্টির কারণে অফিসে যেতে বেগ পেতে হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে রাজধানীতে তাপমাত্রা কম থাকলেও আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি জনজীবনে। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি লাগছে।’
এদিকে আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।










