টাঙ্গাইলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হূদরোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, ইউএনও রানুয়ারা খাতুন। এ সময় ৪৮ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২৪ লাখ টাকার অনুদানের চেক দেয়া হয়।