নারায়ণগঞ্জের আড়াইহাজারে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বকুল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দির পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক শরীফ ভূঁইয়ার বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে লাগানো একটি ট্রান্সফরমার রাতের আঁধারে চুরির চেষ্টা করা হয়। এটি সেচের একটি ট্রান্সফরমার। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে যখন লোডশেডিং চলছিল তখন সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরির চেষ্টা করে। এ সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই ঝুলে থাকেন ওই যুবক। সকালে স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক খুঁটিতে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রাসেল মিয়া বলেন, রাতের আঁধারে এর আগেও বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। এতে ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদের। পুনরায় ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে তাদের অর্থ গুনতে হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবক মারা গিয়েছেন। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।










