দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময় ৯৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৩১২ জনে। এছাড়া, আরো এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।